৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী সন্তান বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। একসঙ্গে চারজনের ক্যাডার সুপারিশ পাওয়াকে উখিয়া উপজেলার ইতিহাসে সর্বোচ্চ অর্জনের অন্যতম রেকর্ড হিসেবে দেখা হচ্ছে।
সুপারিশপ্রাপ্তরা হলেন—উখিয়া সদর (৫ নম্বর ওয়ার্ড) এলাকার প্রয়াত মাস্টার ছৈয়দুর রহমানের পুত্র সাইমুম শারিক হিমেল। তিনি শিক্ষা ক্যাডার (ইংরেজি)-এ সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
কুতুপালং (৯ নম্বর ওয়ার্ড) এলাকার মাস্টার সামশুল আলমের পুত্র আরিফুল ইসলাম পরিসংখ্যান ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
একই ইউনিয়নের পাতাবাড়ী (৯ নম্বর ওয়ার্ড) এলাকার হাফেজ মো. আবুল কাশেমের পুত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম মৎস্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
এছাড়া মধ্য রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা ছৈয়দা শিরিন আখতারের কনিষ্ঠ সন্তান ইসফার সাঈফ আরিক পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
চারজনের এই সাফল্যে আনন্দের বন্যা বইছে রাজাপালং ইউনিয়নজুড়ে। স্বজন, শিক্ষক, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা তাঁদের অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের সাফল্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
শিক্ষক ও সচেতন মহলের মতে, রাজাপালংয়ের এই চার কৃতী সন্তানের অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি পুরো উখিয়া উপজেলার জন্য গর্বের একটি অধ্যায়। তাঁদের এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণে নতুন করে অনুপ্রাণিত করবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, আগামী দিনেও উখিয়ার মেধাবী তরুণ-তরুণীরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে উপজেলার সুনাম আরও সমৃদ্ধ করবেন।
সূত্র: উখিয়া নিউজ