বৃক্ষরোপণ কর্মসূচি, মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) উখিয়া পশ্চিম স্টেশনের শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে নেতাকর্মীরা উখিয়া পশ্চিম স্টেশনের শহীদ মিনার চত্বর থেকে মিছিল বের করেন। মিছিলটি উখিয়া পূর্ব পাশে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে উখিয়া স্টেশনের উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি সম্পন্ন হয়।