কক্সবাজারের উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা, এবং এসময় লুটপাট হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণ পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সমিতির আহ্বায়ক নুরুজ্জামান ভাক্কা বলেন, বাজার সড়কের ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে আরও ২৩টি দোকানে। উভয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি ৬৫ লাখ টাকা। অগ্নিকাণ্ডের সময় লুটপাটের ঘটনাও ঘটেছে, যার পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা।
সমিতির সদস্য সচিব আনোয়ার খান জানান, অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতা, জেলা ও উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় আমরা কৃতজ্ঞ ও সন্তুষ্ট।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন মানবেতর জীবনযাপন করছে। বহু পরিবার জীবিকার একমাত্র অবলম্বন হারিয়েছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পূর্ণ পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে বাজার এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার এবং একটি স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা অত্যন্ত জরুরি।
জাহেদুল ইসলাম বাবু তাঁর বক্তব্যে বলেন, এই অগ্নিকাণ্ডে শুধু দোকানই নয়, বহু মানুষের স্বপ্ন পুড়ে গেছে। আমরা যারা ক্ষতিগ্রস্ত, তারা এখন পথে বসে গেছি। সরকারের সহায়তা না পেলে আমাদের পক্ষে আবার ব্যবসা দাঁড় করানো অসম্ভব হয়ে পড়বে। তাই আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সদস্য জাহেদুল ইসলাম বাবু, ব্যবসায়ী হুমায়ুন, শামসুল আলম, মোহাম্মদ রফিকসহ অনেকে।