1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

ঋণের চাপে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ১২:৫৩ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় এনজিও ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণের চাপ সইতে না পেরে নান্না ফরাজী (৫৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। 
বুধবার (২৭ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম।

নিহত নান্না ফরাজী উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাজারে সুপারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

জানা যায়, বুধবার সকালে নান্না ফরাজী কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্না ফরাজীর বড় ভাই তোফায়েল ফরাজী বলেন, তার ভাই ব্যবসায়িক কারণে বিভিন্ন এনজিও এবং স্থানীয়দের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণ নিয়েছিলেন। সেই ঋণ শোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন। ঋণের চাপে হতাশ হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে দাবি করেন তিনি।

মৃত্যুর আগে একটি চিরকুটে নান্না ফরাজী লেখেন, ‘আমি নান্না ফরাজী। আমার মৃত্যুর জন্য ফ্যামিলির কোন লোক দায়ী না। আমি মেলা টাকা দেনা, তাই দেওয়ার মতন কোন পথ নাই। তাই দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া উপায় নাই। কোন ভাই বন্ধু মাফ করতে পারলে মাফ করবেন।’

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ইনস্পেক্টর (তদন্ত) আব্দুল হালিম বলেন, এটি একটি আত্মহত্যার ঘটনা। অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com