কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় তিনটি কামান সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার নতুন অফিস এলাকার ভাঙারি ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়ি থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার।
তিনি জানান, গত ১৮ মে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সেখানে কামান সদৃশ তিনটি বস্তু দেখতে পায় পুলিশ।
পুলিশ জানায়, বস্তুগুলোর দৈর্ঘ্য আনুমানিক সাড়ে ১২ ইঞ্চি এবং ব্যাস প্রায় ১০ ইঞ্চি। এগুলোর গায়ে মরিচা ও ময়লার স্তর রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভাঙারি ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, তিনি পাশ্ববর্তী চৌফলদণ্ডী এলাকা থেকে বস্তুগুলো সংগ্রহ করেছিলেন। পরে বিক্রির চেষ্টা করলে এক ক্রেতা সেগুলোকে সন্দেহজনক মনে করে কিনতে অস্বীকৃতি জানান।
যদিও ঘটনাটি তিন দিন আগের, বৃহস্পতিবার (২১ মে) বিষয়টি নতুন করে আলোচনায় আসে। বস্তুগুলো এখনো ঘটনাস্থলে থাকায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।