কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় চলন্ত প্রাইভেট কারের গতিরোধ করে মাহমুদুল হক (৪৫) নামে এক আসবাব ব্যবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাহমুদুল হক সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকার বাসিন্দা এবং বর্তমানে কক্সবাজার পৌর শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকায় পরিবারসহ বসবাস করছেন। কক্সবাজার শহর ও রামুতে তার আসবাবপত্রের ব্যবসা রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল হক জানান, দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে রামু যাওয়ার পথে খরুলিয়া এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে। বিপদ টের পেয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এতে তার পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
আহতের ভাই জসিম উদ্দিন অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঙ্গে মাহমুদুল হকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে লিয়াকত আলীর ভাই জায়েদ আলী, কিতাব আলী, ওয়াদুদ আলী ও তাদের সহযোগী মো. নাসেরসহ ছয়জন এই হামলা চালিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কিতাব আলী ও স্থানীয় বিএনপি নেতা রাশেদ উল্লাহ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ পরিদর্শনে যায়। গুলিবিদ্ধ ব্যবসায়ী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ মে কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গুলিবর্ষণের একটি ঘটনা ঘটে, যেখানে লিয়াকত আলী ও তার ভাইদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। ওই মামলাতেই বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বিএনপি নেতা লিয়াকত আলী।
সূত্র: পূর্বকোণ