কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখের (২৮) মরদেহ শুক্রবার (৬ নভেম্বর) ফরিদপুরের নগরকান্দায় গ্রামের বাড়িতে নেওয়া হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাতে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন সেনাসদস্য তিতাস শেখ। তার বুকের বাঁ পাশে গুলি লাগে। পরে তাকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সিএমএইচে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম আফজাল হোসেন। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে নগরকান্দার বারখাদিয়া এলাকার টুলু শেখের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। তবে এ দম্পতির কোনো সন্তান নেই।
তিতাস শেখের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার। এদিকে, তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল সামদানী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার (৬ নভেম্বর) তার মরদেহ ফরিদপুরের নগরকান্দায় গ্রামের বাড়িতে আনা হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সূত্র: উখিয়া নিউজ