কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান স্টেশন এলাকায় এসি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তার সঙ্গে থাকা সোহাগ পরিবহনের একটি চাকরির পরিচয়পত্র থেকে প্রাথমিকভাবে নাম পাওয়া গেছে সাকিল শহিদুল ইসলাম নয়ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মহাসড়কের মির্জা আলীর দোকান স্টেশন সংলগ্ন এলাকায় একটি এসি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হয়। তার বুকে থাকা সোহাগ পরিবহনের একটি চাকরির পরিচয়পত্রে সাকিল শহিদুল ইসলাম নয়ন নাম উল্লেখ থাকলেও তার স্থায়ী ঠিকানা ও পরিবারের সদস্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ অবস্থায় নিহতের স্বজনদের সন্ধান পেতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ ওই যুবককে চিনে থাকলে অথবা তার পরিবারের ঠিকানা ও যোগাযোগের তথ্য জানা থাকলে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
নিহতের পরিচয় ও পরিবারের সন্ধান নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলে জানা গেছে। সূত্র: টিটিএন