1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামে আ. লীগের সাবেক এমপি মামুনের বাড়িতে ভাঙচুর-আগুন নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ভিডিওতে ওসির ‘লাইক’ রিঅ্যাক্ট, স্থানীয়দের মধ্যে আলোচনা কক্সবাজারে চাকরির মেলায় হাজারো তরুণ, জমা পড়ল ৮৫০টির বেশি সিভি রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃ/ত্যু রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই: হুমায়ুন কবির ‎অনুমতি ছাড়া কমিটিতে নাম, বরগুনার পাথরঘাটায় এনসিপি নেতার পদত্যাগ রামুতে এসি বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা বাস-কারখানা পুড়িয়ে দেওয়া হচ্ছে, আগুন সন্ত্রাসের পরিবর্তন জরুরি: রাষ্ট্রপতি রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার বাধ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

কক্সবাজারে চাকরির মেলায় হাজারো তরুণ, জমা পড়ল ৮৫০টির বেশি সিভি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১১/২০২৬ ১০:১৩ পিএম

কক্সবাজারে আয়োজিত কর্মসংস্থান মেলায় এক হাজারের বেশি তরুণ চাকরিপ্রার্থী অংশ নিয়েছেন। পর্যটন ও আতিথেয়তা, তথ্যপ্রযুক্তি, নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং ও কেয়ার ইকোনমিসহ বিভিন্ন খাতের ৪০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। এতে ৮৫০টির বেশি জীবনবৃত্তান্ত (সিভি) জমা পড়ে। পাশাপাশি অনেক চাকরিপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) কক্সবাজারে ‘আইজেক জব ফেয়ার ২০২৬’ শীর্ষক এ কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে ‘কক্সবাজারে নারী ও যুবদের দক্ষতা ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি (আইজেক)’ প্রকল্পের আওতায় মেলাটি আয়োজন করে।
মেলাটি নিয়োগদাতা প্রতিষ্ঠান, শিল্প খাতের প্রতিনিধি, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং দক্ষ তরুণ-তরুণীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে। এর মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মধ্যকার ব্যবধান কমানোর উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোতাহের হোসেন বলেন, বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং কক্সবাজারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে আইজেক প্রকল্পের অবদানেরও প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের (উন্নয়ন) যুগ্মসচিব শাহানা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) শেখ মুরশিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল আলম, বাংলাদেশে কানাডীয় হাইকমিশনের প্রথম সচিব পার্ল উইয়েরেঙ্গা, কক্সবাজার চেম্বার অব কমার্সের উপদেষ্টা আবেদ হাসান সাগর, কক্সবাজার এনসিসিডব্লিউই-এর রফিকুল ইসলাম, আইএলও কক্সবাজার প্রকল্প কার্যালয়ের প্রধান রুচিকা বেহেল এবং আইজেক প্রকল্পের জাতীয় প্রকল্প ব্যবস্থাপক সিরাজুল ইসলাম।
স্বাগত বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, তরুণদের জন্য শোভন কাজের সুযোগ বাড়াতে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সঙ্গে শ্রমবাজারের চাহিদার সংযোগ জোরদার করা জরুরি। এ ধরনের মেলা নিয়োগদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে। বিশেষ করে তরুণ নারীদের কর্মসংস্থানের পথ সুগম করতেও সহায়ক ভূমিকা রাখে।
মো. মোয়াজ্জেম হোসেন বলেন, তরুণদের অর্জিত দক্ষতাকে টেকসই কর্মসংস্থানে রূপান্তর করা যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের উদ্যোগ নিয়োগদাতা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের মধ্যে সংযোগ বাড়ানোর পাশাপাশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়নে সহায়তা করে।
তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উদ্যোগের আওতায় ২০২৬ সালে প্রায় ১ হাজার ৫০০ তরুণ-তরুণী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে প্রায় ৫০০ জন ইতোমধ্যে কর্মসংস্থান পেয়েছেন। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে আইএলও ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বাস্তবায়িত আইজেক প্রকল্পের মাধ্যমে ২০২৩ সাল থেকে প্রায় ৩০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
দিনব্যাপী এ মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক সাক্ষাৎকার গ্রহণ, সিভি সংগ্রহ এবং চাকরি ও কর্মজীবনবিষয়ক পরামর্শ দেয়। চাকরিপ্রার্থীরা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি শ্রমবাজারের প্রবণতা ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে ধারণা পান।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে পর্যটন ও আতিথেয়তা খাতের সায়েমান হেরিটেজ হোটেল, রামাডা বাই উইন্ডহ্যাম, হোটেল দ্য কক্স টুডে, হোটেল জলতরঙ্গ, হোটেল ওশান প্যারাডাইস, স্বপ্নীল সিন্ধু, ডেরা রিসোর্ট, হোটেল সি প্যালেস, ইনানী রয়্যাল রিসোর্ট ও বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ উল্লেখযোগ্য।
এ ছাড়া বিডিজবস, ওয়ালটন, বাংলাদেশ কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন, চকরিয়া সিটি হাসপাতাল, চকরিয়া জেনারেল হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার, কক্সবাজার স্কিল নেটওয়ার্ক (সিএসএন) ও জিয়া আইটি ফার্মসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সমাপনী পর্বে অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সূত্র: দৈনিক ইত্তেফাক

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com