1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

চার বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ৫:৪৫ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জের ধরে নিজ সন্তানকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা। আজ শুক্রবার (১৪আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাজমিস্ত্রির কাজ করা রাজিব মিয়ার সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পরিবারিক কলহ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, সেই কলহের জেরে মানসিক যন্ত্রণা সইতে না পেরে মা এই চরম পথ বেছে নেন। ঘটনার সকালে ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ঘরের একটি জানালা ভেঙে ঘরে প্রবেশ করে শিশু সন্তানের নিথর দেহ বিছানায় পড়ে থাকতে এবং ফাঁসি অবস্থায় ওই নারীকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ দুটি উদ্ধার করে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, প্রথমে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরবর্তীতে মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এসআই সুমন মিয়া আরও বলেন, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আপাতদৃষ্টিতে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট পেলে এবং তদন্ত সম্পন্ন হলে মৃত্যুর সঠিক কারণ বিস্তারিত বলা সম্ভব হবে।

নিহতরা হলেন, আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রামের রাজিব মিয়ার স্ত্রী কণিকা (২৫) ও তার শিশু সন্তান রাজিয়া (০৪)।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com