1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইনানীতে গ্যাসের সন্ধান, ৬৭৫ বর্গকিলোমিটারজুড়ে অনুসন্ধানে নামছে বাপেক্স আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির এমপিপুত্রকে শোকজ ২৭ বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠানোর দাবি ভারতীয় পুলিশের নাইক্ষ্যংছড়িতে ৭ কোটি টাকার ই/য়া/বা লুট, গো/লা/গু/লিতে নিহত ১ ‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’ উখিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ইউএনও পান্না আকতার উখিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ফ্যাসিস্টরা আমাদের ৭০০ সহযোদ্ধাকে গুম করেছে: আইনমন্ত্রী নকল হানিফ পরিবহনের বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, সাভারে শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আটক হাসিনার সুস্থতার প্রমাণ দিতে ফেসবুক লাইভে আসার পরামর্শ রাশেদ খাঁনের

আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির এমপিপুত্রকে শোকজ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ১১:১২ পিএম

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে ‘সুসম্পর্কের’ অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের পুত্র আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।

নোটিশে আশার বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠজনদের সরকারের গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট করারও অভিযোগ তোলা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরে দলীয় প্যাডে কারণ দর্শানোর এ নোটিশ ইস্যু করা হয়। তবে, শনিবার বিষয়টি জানাজানি হয়।

কারণ দর্শানোর নোটিশ ডিজিটাল যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপের মাধ্যমে পেয়েছেন বলে জানিয়েছেন আবুল কাউসার আশা। তিনি তার বিরুদ্ধে তোলা অভিযোগের বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিয়েছেন বলেও জানান।

আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন। তার বাবা অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য। সংসদ সদস্যের রাজনৈতিক সচিব হিসেবে কাজ করছেন তিনি। আশা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতিও ছিলেন।

তাকে দেওয়া নোটিশের বিষয়ের জায়গায় উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকেও আবুল কাউসার আশা ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে সুসম্পর্ক গড়ে বিভিন্ন সুবিধা আদায় ও তাদের বিভিন্নভাবে স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করে’ দলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা ও দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছেন। এমন অভিযোগে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তা নোটিশের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, “আপনি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও দল ও সরকারের ভাবমূর্তির কথা চিন্তা না করে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদধারী ও গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের গডফাদার শামীম ওসমান পরিবারের সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদেরকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিজের হীন স্বার্থে সরকারের গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট করে ও নিজের মিছিল মিটিংয়ে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেন।”

আওয়ামী লীগের নেতাদের মধ্যে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মোল্লা ও ধামগড় ইউনিয়নের শেখ রাসেল ক্রীড়া একাডেমীর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বারসহ অন্যান্যদের সাথে আবুল কাউসার আশার বিভিন্ন ছবির কথাও নোটিশে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, “যার কারনে দলের ত্যাগী ও পরিক্ষিত নেতা-কর্মীদের উপেক্ষা করেছেন এবং দলের ও সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছেন। যার কারনে বন্দর এলাকায় দল ও সরকারের প্রতি জনগণের বিরুপ মনোভাব তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে গভীর সম্পর্ক রেখে নিজের ও দলের সাংগঠনিক অবস্থা এবং দলের নেতা-কর্মীদের মনে রক্তক্ষরণ করে তাদেরকে মানসিকভাবে দুর্বল করেছেন, যা দলের জন্য অত্যন্ত ক্ষতিকর ও বিপদজনক।”

এ নোটিশের অনুলিপি দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।

এদিকে, এ নোটিশের জবাবে আবুল কাউসার আশা বলেন, “আমি বিএনপির একজন পরীক্ষিত কর্মী। আমি বিভিন্ন সময়ে দলের বিভিন্ন পদে থেকে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি এবং বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবি মামলায় আমি কারাভোগ করেছি এবং অসংখ্যবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে আমি আজও কর্মী-সমর্থকদের সাথে নিয়ে রাজপথে সক্রিয় রয়েছি।”

তার সঙ্গে আওয়ামী লীগের লোকজনের সংশ্লিষ্টতার বিষয়ে তোলা অভিযোগেরও ব্যাখ্যা দিয়েছেন তিনি। তিনি বলেন, “আক্তার হোসেন মোল্লা মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। নির্দলীয়ভাবে নির্বাচন করে মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি কখনো আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। মেম্বার হিসেবে দায়িত্ব পালন কালে স্থানীয় সংসদ সদস্যের সাথে এলাকার উন্নয়ন কর্মকান্ডের জন্য যোগাযোগ রাখতে হয়েছে। যা কোনোভাবেই দলীয় নেতা হওয়ার প্রমাণ বহন করে না।”

হাবিবুর রহমান প্রসঙ্গে তিনি জনপ্রতিনিধির বিষয়টি উল্লেখ করে বলেছেন, হাবিবুর বিএনপির একজন কর্মী। বর্তমানে তিনি বিএনপির বন্দর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য বলেও উল্লেখ করেছেন আশা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com