1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইনানীতে গ্যাসের সন্ধান, ৬৭৫ বর্গকিলোমিটারজুড়ে অনুসন্ধানে নামছে বাপেক্স আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির এমপিপুত্রকে শোকজ ২৭ বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠানোর দাবি ভারতীয় পুলিশের নাইক্ষ্যংছড়িতে ৭ কোটি টাকার ই/য়া/বা লুট, গো/লা/গু/লিতে নিহত ১ ‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’ উখিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ইউএনও পান্না আকতার উখিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ফ্যাসিস্টরা আমাদের ৭০০ সহযোদ্ধাকে গুম করেছে: আইনমন্ত্রী নকল হানিফ পরিবহনের বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, সাভারে শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আটক হাসিনার সুস্থতার প্রমাণ দিতে ফেসবুক লাইভে আসার পরামর্শ রাশেদ খাঁনের

নাইক্ষ্যংছড়িতে ৭ কোটি টাকার ই/য়া/বা লুট, গো/লা/গু/লিতে নিহত ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ৯:৪৬ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে ৬ লাখ পিস ইয়াবার একটি চালান লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আহতদের মধ্যে মো. শাহজাহান (৩৪) নামে এক বাংলাদেশি যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শাহজাহান নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের মো. ইলিয়াসের ছেলে। স্থানীয়দের দাবি, আহত অন্য ব্যক্তিদের অধিকাংশই রোহিঙ্গা যুবক। তবে তাঁদের নাম-পরিচয় ও চিকিৎসার স্থান নিশ্চিত হওয়া যায়নি।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মিয়ানমার সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের হিসাবে, লুট হওয়া ৬০ কার্টন বা ৬ লাখ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ২০ লাখ টাকা।

স্থানীয় বাসিন্দা নুরুল আলম, ইমাম হোসেন ও শফিউল আলমের ভাষ্য অনুযায়ী, মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আট যুবক সীমান্তের ৪৮ নম্বর পিলারের কাছ দিয়ে টেশ্বল বুনিয়া পাহাড় হয়ে ফুলারঝিরি এলাকার দিকে আসছিলেন। তাঁদের মধ্যে চারজন রোহিঙ্গা যুবক ছিলেন বলে দাবি তাঁদের।

পথে স্থানীয় রুবেল ও মিজানের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল তাঁদের পথ আটকে দেয়। এ সময় দলটি ইয়াবার চালান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চালান দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা শুরু হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। স্থানীয়দের দাবি, একপর্যায়ে ইয়াবা বহনকারী দলটি পিছু হটে। পরে চালানটি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় হামলাকারীরা। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ হন।

লুট হওয়া ইয়াবা কার কাছে

লুট হওয়া ইয়াবার চালানটি এখন কার নিয়ন্ত্রণে রয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তাঁদের দাবি, চালানটি ফুলতলী এলাকার কয়েকজন পরিচিত মাদক কারবারির হাতে রয়েছে।

এ ঘটনায় রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পাঁচ প্রভাবশালী ব্যক্তির নামও আলোচনায় এসেছে। ঘটনার পর তাঁদের কয়েকজন আত্মগোপনে রয়েছেন বলে দাবি স্থানীয়দের।

তবে চালানটির প্রকৃত মালিক কারা, কারা এটি লুট করেছে এবং বর্তমানে ইয়াবাগুলো কোথায় রাখা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভয়ে কথা বলতে চান না স্থানীয়রা

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশের এলাকায় খোঁজ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা গেছে। অনেকেই প্রকাশ্যে এ ঘটনা নিয়ে কথা বলতে চাননি।

স্থানীয়দের একটি অংশের দাবি, এলাকার প্রভাবশালী মাদক কারবারিদের ভয়ে তাঁরা মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

স্থানীয় ইউপি সদস্য শামশুল আলম গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন। তবে কারা এতে জড়িত এবং কারা আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, বিভিন্ন মাধ্যমে ইয়াবা লুট ও গোলাগুলির খবর তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। তারপরও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টহল থাকলেও বন্ধ হচ্ছে না ইয়াবা পাচার

বিজিবি সূত্র জানায়, সীমান্তে দিন-রাত টহল দেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় লাল পতাকা টাঙিয়ে সাধারণ মানুষকে সীমান্তে না যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। এরপরও পাহাড়ি জঙ্গল ও দুর্গম পথ ব্যবহার করে মাদক কারবারিরা ইয়াবা পাচার করছে।

এর আগে গত ২৩ নভেম্বর নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরের ১ নম্বর জিপি গেটের সামনে অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় একটি সিএনজিও জব্দ করা হয়। বিজিবির হিসাবে উদ্ধার করা ইয়াবার সিজার মূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা।

সীমান্তে একের পর এক ইয়াবা পাচারের ঘটনা ঘটলেও বড় চালানগুলো কীভাবে দেশের ভেতরে প্রবেশ করছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৬ লাখ পিস ইয়াবা লুটের ঘটনা এবং তা নিয়ে গোলাগুলিতে একজনের মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এত বড় চালান কীভাবে সীমান্ত পার হলো, কারা এর মালিক এবং কারা লুটের সঙ্গে জড়িত—এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে ইয়াবা পাচার, লুট ও গোলাগুলিতে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com