কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবার চালান ফেলে দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৪ অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু বিওপি জানতে পারে, পশ্চিমকুল রুহুলের দোকান কাটাপাহাড় সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় তুমব্রু বিওপির একটি বিশেষ টহলদল শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অবস্থান নেয়।
পরে রোববার ভোর সাড়ে ৪টার দিকে অত্যাধুনিক থার্মাল ইমেজারের মাধ্যমে কয়েকজন চোরাকারবারীর চলাচল শনাক্ত করা হয়। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে পাচারকারীরা তিনটি ব্যাগ ফেলে রাতের অন্ধকার ও পানিপথ ব্যবহার করে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ থেকে ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে রিজিয়ন সদর দপ্তর কক্সবাজার ও রামু সেক্টরের দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার কথাও জানানো হয়েছে। সূত্র: উখিয়া নিউজ