চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া এনআইডি ব্যবহার করে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নারী আটক হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এক কর্মকর্তার হাতে ধরা পড়েন তারা। আটকরা হলেন— কুতুপালং ২ নম্বর ক্যাম্পের ই-১১ ব্লকের সহিসু আলমের মেয়ে সুবাইরা (১৮) ও সোনা আলীর মেয়ে জুহুরা বেগম (৩৫)।
পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, সুবাইরা রুমা আক্তার নামে ভুয়া এনআইডি ব্যবহার করেন। সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তারা জালিয়াতির কথা স্বীকার করেন। দুই নারী জানান, সৌদি নেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি তাদের পাসপোর্ট করতে বলেন।
উপপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, “এসবি ক্লিয়ারেন্স বন্ধ থাকায় আমরা আরও সতর্ক হয়েছি। তবুও রোহিঙ্গারা বিভিন্ন কৌশলে চেষ্টা করছে।”
উপ-পরিদর্শক আওলাদ হোসেন জানান, দালাল সোহাগের মাধ্যমে তারা চাঁদপুরে এসে শাহরাস্তি উপজেলার ঠিকানায় ভুয়া আইডি ব্যবহার করেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “দুই নারী বৈধভাবে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বুধবার (৫ নভেম্বর) ভোরে তাদের কক্সবাজার ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।”