1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

চকরিয়ায় ডাকাতের আস্তানায় পুলিশের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/১১/২০২৫ ৩:৫৫ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রেলস্টেশন এলাকায় দিনদুপুরে ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাসেল উদ্দিন ওরফে রিয়াজু (৩৩)। তিনি ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মালুমঘাট ডুমখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন ও এএসআই জসিম উদ্দিনের সঙ্গীয় পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানের সময় মালুমঘাট ডুমখালী রেলস্টেশনের পাশে ডাকাতের আস্তানা ঘিরে ফেলে অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যরা। এসময় ডাকাত রিয়াজুকে গ্রেফতার এবং তার হেফাজত থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন

“বিকালে একদল ডাকাত মালুমঘাটার পশ্চিম অংশে রেলস্টেশনের পাশে জড়ো হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশের তত্ত্বাবধানে আমরা অভিযান চালাই।
জনগণের উপস্থিতিতে রিয়াজুকে গ্রেফতার এবং তার দেখানো জায়গা থেকে অস্ত্র উদ্ধার করা হয়।”

ওসি আরও জানান

“গ্রেফতারকৃত রাসেল উদ্দিন ওরফে রিয়াজু একজন পেশাদার সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করা হয়েছে।
শনিবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com