কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে নাকপুরা দ্বীপ এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার পর থেকে একের পর এক গুলির শব্দ শোনা যায়।
উপজেলার হ্নীলা নাফ নদী সংলগ্ন স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার পর থেকে মিয়ানমার অভ্যন্তরে নাকপুরা দ্বীপ এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণ পরপর গভীর রাত অব্দি শতাধিক গুলির আওয়াজ শোনা গিয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা আতংকিত হয়ে পড়ে।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মিয়ানমার অভ্যন্তরে নাকপুরা দ্বীপে গোলাগুলির ঘটনা শুরু হলে হঠাৎ একটি নৌকা বাংলাদেশ সীমান্ত অভিমুখে আসার চেষ্টা করলে জওয়ানরা ফাঁকাগুলি চালিয়ে তা ঠেকিয়ে দেয়।
তিনি আরও বলেন, ‘বিজিবি নাফনদী ও সীমান্তে সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ বা সীমান্ত অতিক্রম ঠেকাতে বিজিবি প্রস্তুত রয়েছে।
সূত্র: বার্তা বাজার