কক্সবাজারের চকরিয়া, সদর ও টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৪ লাখ ৬১ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা এসব সিগারেটের বাজারমূল্য প্রায় ২৭ লাখ ৬৬ হাজার টাকা।
বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কক্সবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। তিন স্থানে কক্সবাজারে থেকে একযোগে নিবারক অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, কমিশনারেটের তিনটি দল চকরিয়া, কক্সবাজার সদর ও হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মার্বে ব্র্যান্ডের নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে হেরিটেজ টোব্যাকোর নাম উল্লেখ করা হয়েছে। তবে নকল ব্যান্ডরোল ব্যবহারের সঙ্গে উৎপাদনকারী প্রতিষ্ঠানটির সরাসরি সম্পৃক্ততা রয়েছে কিনা কিংবা এরূপ আরও কোনো নকল সিগারেট তৈরির কারখানা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
রাজস্ব ফাঁকি উদ্ঘাটন, ফাঁকি দেওয়া রাজস্ব আদায় এবং সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এনবিআর।
সূত্র: ঢাকা পোস্ট