টেকনাফের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য ও কথিত ডাকাত আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুর রহিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রহিম বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মা পাড়া এলাকার বাসিন্দা মো. তৈয়ুবের ছেলে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাইদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফের বাহারছড়ার পাহাড় এলাকার সন্ত্রাসী রিদুয়ান বাহিনীর অন্যতম সদস্য আব্দুর রহিম জুম্মাপাড়া এলাকায় অবস্থান করছে। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে ধাওয়া দিয়ে আটক করে।
তিনি আরও বলেন, আটক আব্দুর রহিমের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হবে। সূত্র: টিটিএন