উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার ভোরে উখিয়া ব্যাটালিয়নের পালংখালী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকার মিজানের ঘের নামক স্থানে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে ব্যাগ হাতে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে ঘেরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ১০ কার্টুনে মোট ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পলাতক চোরাকারবারীদের গ্রেফতারে ওই এলাকায় চিরুনি অভিযান চালানো হয়েছে এবং তাদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক। সূত্র: টিটিএন