1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ার মরিচ্যায় ২০ হাজার ইয়াবা নিয়ে এহসানসহ আটক ৩ দরকার হলে কফিনের বক্স খুলে দেখব হাসিনার মাথা কিনা : বিজিবি সদস্য ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: রয়টার্সকে শামা ওবায়েদ গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীর সহায়তা চাইলেন ড. ইউনূস ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ নামে যুক্তরাষ্ট্রে সড়কের নামকরণ কক্সবাজারে একই দুর্ঘটনায় স্বামী-সন্তানকে হারিয়ে শেষ পর্যন্ত বাঁচলেন না তানিয়াও টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের পরিবারের পাশে সেনাবাহিনী হাস্যকর মন্তব্যে ব্যর্থতা আড়াল করা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন নেই: সাদিক কায়েম হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস হত্যা মামলায় আরসা সদস্য গ্রেপ্তার উখিয়ায়

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীর সহায়তা চাইলেন ড. ইউনূস

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ৬:০৪ পিএম

দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় প্রায় প্রতিদিন পেট্রলবোমা হামলার ঘটনা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে এসব হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

আজ সোমবার প্রকাশিত এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের খবরে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের দায়ী করা হচ্ছে। চট্টগ্রামে তার নিজের বাড়িতেও হামলা হয়েছে। ওই বাড়িতে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন। এখান থেকেই তিনি গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু করেছিলেন।

গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ড. ইউনূস বলেন, দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক দারিদ্র্য দূর করতে বিশ্বজুড়ে পরিচিত। ২০ বছর আগে ব্যাংকটি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। এ বছর প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি এবং নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ২০ বছর পূর্তি হচ্ছে।

বিবৃতিতে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। এই ঋণের মাধ্যমে অনেক নারী দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছেন। পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া এবং সন্তানদের শিক্ষার ব্যবস্থা করাও তাদের জন্য সহজ হয়েছে।

ড. ইউনূসের দেয়া তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশ নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতারাই ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক। বাকি ১০ শতাংশ সরকারের। ফলে ব্যাংকটিতে হামলা মানে এসব নারীর নিরাপত্তা, স্বাবলম্বী হওয়ার সুযোগ ও সন্তানদের ভবিষ্যতের ওপর আঘাত।

বিবৃতিতে বলা হয়, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিন গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের বিভিন্ন স্থানে প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে বলে দাবি করেন ড. ইউনূস। হামলার ধরন দেখে তার ধারণা, ওপরের মহলের নির্দেশনায় প্রতিদিন এসব ঘটনা ঘটানো হচ্ছে।তিনি বলেন, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। এসব হামলার কারণে গ্রামাঞ্চলের লাখো নারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবার চালানো, সন্তানদের পড়াশোনা এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে এসব নারীর কাছে গ্রামীণ ব্যাংক গুরুত্বপূর্ণ অবলম্বন।

গ্রামীণ ব্যাংকের বাইরেও হামলার ঘটনা ঘটছে বলে বিবৃতিতে উল্লেখ করেন ড. ইউনূস। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেয়া হয়েছে। এছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি পুলিশ স্টেশনেও হামলা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে ছড়ানো বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, ব্যাংকটি তার ব্যক্তিগত মালিকানাধীন কিংবা তার পরিচালনায় রয়েছে—এমন দাবি সত্য নয়। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে ব্যাংকের পরিচালনা বা দৈনন্দিন কাজে তার কোনো ভূমিকা নেই। ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি কখনো ছিলেন না।

ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাড়তি নিরাপত্তা চাওয়া হয়েছে বলে জানান তিনি। হামলার পর দ্রুত ব্যবস্থা নেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সব হামলাকারীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান ড. ইউনূস।

একই সঙ্গে এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায় থেকে ‘চাপ সৃষ্টিতে’ গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকে হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; দারিদ্র্য দূর করা এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com