রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারে গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বীকৃতি দিয়েছে ইউরোপ, আফ্রিকা ও ওশেনিয়ার ১৪টি দেশ। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব পালনে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো। পৃথকভাবে রোহিঙ্গা গণহত্যা করা হয়েছে বলে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে বৃটেন। পাশাপাশি মিয়ানমারের সামরিক বাহিনীর পাঁচজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। সোমবার বৃটেনসহ ১৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বীকৃতি দেন। অন্য ১৩টি দেশ হলো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। সংবাদ বিশ্লেষণ
যৌথ বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, মিয়ানমার গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। আদালতের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব এবং আদালতের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলার জন্য দেশটির প্রতি আহ্বান জানানো হচ্ছে। এদিকে বৃটেন পৃথকভাবে ঘোষণা দিয়েছে, তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা করা হয়েছে এই মর্মে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে। একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর পাঁচজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের কোনো জবাবদিহি হবে না, এমনটা হতে পারে না। বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তাদের সম্পদ জব্দ এবং তাদের বৃটেনে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ ছাড়া মিয়ানমারে বিমান চলাচলের জ্বালানি রপ্তানি ও সরবরাহ বন্ধ করতে আইন প্রণয়নের পরিকল্পনা করছে লন্ডন। বিবৃতিতে আরও বলা হয়, রাখাইন রাজ্যে রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর জন্য জরুরি জীবনরক্ষাকারী এবং জীবনমান উন্নয়নমূলক সেবা নিশ্চিত করতে অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড সহায়তা দেবে বৃটেন। এর মাধ্যমে সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে এমন প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ উপকৃত হবেন। এ ছাড়া মিয়ানমারজুড়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের জন্য জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রচেষ্টায় আরও ৩০ লাখ পাউন্ড ব্যয় করা হবে।
১৯শে নভেম্বর এক ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানায়, ২০১৭ সালে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে দেশটি গণহত্যা সংঘটিত করেছে। আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্র গণহত্যা করেছে বলে চূড়ান্তভাবে নির্ধারণ করল আইসিজে। রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযানের আন্তর্জাতিক বিচারিক পরিণতির ক্ষেত্রে এই রায়কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে মিয়ানমারের সরকার এই রায়কে অন্যায্য বলে অভিহিত করেছে। একই সঙ্গে একে ‘বড় ধরনের হতাশা’ বলে উল্লেখ করেছে তারা।
রায় ঘোষণার পরপরই মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছিল বৃটেন। এবার গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি এবং সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটির ওপর চাপ আরও বাড়াল লন্ডন।