কক্সবাজারের উখিয়ায় ভালুকিয়া–তুলাতুলী সড়কের খুরুইল্ল্যার ডালা এলাকায় দুই বোনকে গতিরোধ করে টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ সময় তাদের মারধর করে ব্যাগে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীদের পরিবার।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তুলাতুলী হয়ে চাকমা পাড়া বিজিবি ক্যাম্পসংলগ্ন খুরুইল্ল্যার ডালা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন তৈয়বা বেগম, যার স্বামী প্রবাসী জসীম উদ্দীন এবং শাহানুর বেগম, যার স্বামী প্রবাসী সাইফুল ইসলাম। তারা সম্পর্কে দুই বোন।
পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, বিকেলে এক পাওনাদারকে টাকা দেওয়ার উদ্দেশ্যে তারা বাড়ি থেকে কোটবাজারে যান। সেখানে পাওনাদার উপস্থিত না হওয়ায় একটি ছোট মিনি টমটমযোগে বাড়ি ফেরার পথে তুলাতুলী মহিলা হাফেজা মাদ্রাসায় পড়ুয়া এক আত্মীয়ের সঙ্গে দেখা করেন। পরে বাড়ি ফেরার পথে খুরুইল্ল্যার ডালা এলাকায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তাদের গতিরোধ করে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তাদের কাছে থাকা মালামাল দিয়ে দিতে বলে। একপর্যায়ে ধস্তাধস্তি ও শ্লীলতাহানির ঘটনা ঘটায়। এ সময় তৈয়বা বেগমের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ইট দিয়ে আঘাত করে ব্যাগটি নিয়ে যায়। ওই ব্যাগে ৮০ হাজার টাকা ছিল। পাশাপাশি তার গলা থেকে একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সময় অভিযুক্তরা মামলা কিংবা বিচার-সালিশ করলে প্রাণনাশের হুমকি দেয় বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পরিবারের সদস্য জানান, সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে পারিবারিক সূত্রে ঘটনা জানতে পেরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের বিষয়টি অবহিত করেন। পরে রাত ৯টা ৫০ মিনিটের দিকে তুলাতুলী পৌঁছালে স্থানীয়রা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও একপর্যায়ে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উখিয়া থানার উদ্দেশ্যে রওয়ানা হন। এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা আইনি পরামর্শ, সাক্ষ্য ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের সহযোগিতায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার প্রত্যাশা করছেন তারা। পাশাপাশি আগামী এক থেকে দুই দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরার কথাও জানিয়েছেন।
তবে এ ঘটনায় থানায় মামলা বা অভিযোগ দায়েরের সর্বশেষ অবস্থা এবং অভিযুক্তদের পরিচয় ও বক্তব্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।