মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ২০২৪ সালে রাখাইনের হোইয়ার সিরিতে গণহত্যার তথ্যসহ নতুন প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
এই গণহত্যায় দেড় শতাধিক বেসামরিক নাগরিকের হত্যার বিচার নিশ্চিত করতে জাতিংঘের তদন্ত করা উচিৎ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের এপ্রিল মাসে মিয়ানমারের রাখাইনের বুথিডং অঞ্চলে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান প্রতিহত করতে ব্যস্ত ছিল আরাকান আর্মি। আতঙ্কে এলাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন সেখানকার অধিবাসীরা।
পরবর্তীতে মে মাসের শুরুতে হোইয়ার সিরি গ্রামের বাসিন্দারা পালানোর চেষ্টা করলে নির্বিচারে গুলি চালায় আরাকান আর্মি। এতে শিশুসহ অন্তত ১৭০ রোহিঙ্গা নিহত হয়। আহত হয় শতাধিক।
দেশটির জান্তা সরকারের কঠোর বিধিনিষেধের কারণে হত্যার এ খবর এতদিন প্রকাশ পায়নি। বাংলাদেশ ও মালয়েশিয়ায় পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছে জাতিগত নির্মূলের এসব তথ্য পায় মানবাধিকার সংস্থাগুলো।
সম্প্রতি ৪১ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার, স্যাটেলাইট ইমেজ, ঘটনাস্থলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে সেই হত্যাযজ্ঞের প্রমাণ হাজির করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
এক প্রতিবেদনে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ ও নির্যাতনের ক্ষতিপূরণ দাবি করেছে সংস্থাটি। আরাকান আর্মির যুদ্ধাপরাধের বিচার নিশ্চিতে জাতিসংঘের তদন্তেরও আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ