1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্ত্রীকে নির্যাতন শেষে ‘ঝুলিয়ে’ হত্যার অভিযোগ, স্বামী পলাতক কক্সবাজারে রাজনৈতিক মামলা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি: আবেদনের সময়সীমা ১৫ এপ্রিল হাদির হত্যাকারীদের ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয় কক্সবাজারে রাজনৈতিক মামলার যাচাই শুরু, গঠিত হয়েছে বিশেষ কমিটি আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাশ ভারতকে মনে করানোর দরকার ছিল, আমাদেরও মেরুদণ্ড আছে আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ: শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন—সুযোগ নেই সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৪/২০২৬ ৬:১৮ পিএম

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান। আগামী মে মাসের ১০ তারিখের মধ্যে এ সফর অনুষ্ঠিত হতে পারে। সে লক্ষ্য নিয়ে কাজ করছে দিল্লি। প্রধানমন্ত্রীর প্রথম সফরে তিনটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও আলোচনা চলছে।

ঢাকার ভারতীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকার সঙ্গে আস্থার সম্পর্ক গড়তে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকেও বিশেষ আমন্ত্রণ জানানো হচ্ছে। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর সফর স্মরণীয় করে রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া আতিথেয়তার মতো তারেক রহমান ও পরিবারকে বরণের প্রস্তুতি নিচ্ছে ভারত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম নেপালে ও পরে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার আলোচনা ছিলা। সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। শুরুতে চলতি মাসেই (এপ্রিল) তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতি নেয় দিল্লী। কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচনের কারণে সময় পেছানো হয়। ১০ মের আগে যে কোনো দিন চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই সাক্ষাতে প্রধানমন্ত্রীর ভারত সফর ও সফরে তিনটি গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে আলোচনা হয়। আলোচিত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও ২০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ও গঙ্গার পানিবণ্টন চুক্তির কথা শোনা গেছে।

সূত্র আরও জানায়, আলোচিত বিষয়গুলোর মধ্যে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার কোটি টাকা) সহায়তা প্যাকেজের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্তের পর্যায়ে। গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারত ইতিবাচকভাবে সাড়া দিয়েছে।

এ ছাড়া বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এবারের ইরি মৌসুমে সেচের পানির জন্য ডিজেলের প্রয়োজনীয়তা আরও বাড়বে। দিল্লির আমন্ত্রণের সুযোগ কাজে লাগিয়ে ভারত থেকে আরও বেশি ডিজেল আনার সুযোগ চায় বাংলাদেশ। বিষয়টি ভারতকেও জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাতের পরদিন মঙ্গলবার (৭ এপ্রিল) প্রথম আনুষ্ঠানিক ভারত সফরে গেছেন নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভারত সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠকের পর তারেক রহমানের ভারত সফরের বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

তারেক রহমানের সফরে তার স্ত্রী জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকে তাকে বিশেষভাবে আতমন্ত্রণ জানানো হবে বলে কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এ ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কারা ভারতে যাবেন সে তালিকাও চূড়ান্তের কাজ করছে বলে ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে। প্রাথমিকভাবে সফরসঙ্গী হিসেবে তালিকায় নাম রয়েছে যাদের—অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ ছাড়া কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধিও সফরসঙ্গী হতে পারেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি হননি। সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com