কক্সবাজার সদর উপজেলায় এক স্কুলপড়ুয়া কিশোরীকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
গ্রেপ্তারকৃত রিয়াজ উদ্দিন আরফাত (২৪) কক্সবাজার পৌরসভার ঝিলংজা এলাকার ঝিরঝিরি পাড়া, চন্দ্রিমা মাঠ এলাকার বাসিন্দা আইয়ুব বাবুর্চির ছেলে।
র্যাব-১৫ সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ে যাতায়াতের পথে পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত রিয়াজ উদ্দিন আরফাত বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে শারীরিক অসুস্থতা ও পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষার মাধ্যমে তার গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে। মামলা রুজুর পর থেকে আসামিকে গ্রেপ্তারে র্যাব-১৫ গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় শনিবার (৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল কক্সবাজার সদর উপজেলার কলাতলী রোড এলাকার একটি হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মামলার এজাহারভুক্ত প্রধান ও পলাতক আসামি রিয়াজ উদ্দিন আরফাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
সূত্র: টিটিএন