কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সিএনজিসহ এক মাদক পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড সদস্যরা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত ইয়াবাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাদক চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।