টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ ‘রফিক বাহিনীর সক্রিয় সদস্য শেখ বিজয় (২৩)কে গ্রেফতার করেছে এসআরবি-১৫ । গ্রেফতারকৃত শেখ বিজয় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকার বাসিন্দার শাহ আলমের ছেলে।
বুধবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার এসআরবি-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, ২৮ অক্টোবর রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে হোয়াইক্যং ক্যাম্পের একটি দল নয়াবাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় অবস্থান করছে। এরপর রাত আনুমানিক ১টা ৫ মিনিটে পশ্চিম মহেশখালীয়া পাড়ায় মো. শাহজাহানের বসতবাড়ির উত্তর পাশের খালপাড়ে অভিযান চালায় এসআরবি-১৫। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে, এসময় শেখ বিজয়কে আটক করা সম্ভব হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে ১টি একনলা দেশীয় বন্দুক, ২টি ওয়ান শুটার এলজি, ১৭ রাউন্ড গোলাবারুদ, ২৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৬টি ধারালো ছোরা এবং ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
এসআরবি-১৫ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫। সূত্র: টিটিএন