1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও মুবিনের ব্যাখ্যা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০২/২০২৬ ১২:১২ এএম

গত ০৮/০২/২০২৬ ইং তারিখে কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আপনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত
“উখিয়ার যুবলীগ নেতা ও ইয়াবা গডফাদার বোরহান মেম্বার যৌথ বাহিনীর হাতে আটক হলেও তার অন্যতম সহযোগী” এবং
“উখিয়া সীমান্তের শীর্ষ ইয়াবা কারবারি মুবিন ও তোফাইল এখনও অধরা”
শীর্ষক সংবাদ দুটি আমার দৃষ্টি গোচর হয়েছে।

উক্ত সংবাদে আমাকে যেভাবে জড়িয়ে কল্পকাহিনী, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা মাত্র। আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, বোরহান মেম্বার কিংবা তোফাইল নামের কারো সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক, সিন্ডিকেট বা ব্যবসায়িক যোগসূত্র নেই। আমার বাড়ি রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া পালং এলাকায়, আর তারা উখিয়া উপজেলার বাসিন্দা—যা সংবাদে ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়েছে।

আমি আমার জীবনে কখনোই ইয়াবাসহ কোনো প্রকার অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম না। গত প্রায় ১২ বছর ধরে আমি বৈধভাবে গরু, মহিষ ও মুরগির খামার, কৃষিকাজ, সুপারি বাগান, ধান চাষ ও সুপারি ভিজানোর ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছি। মরিচ্যা বাজারসহ বিভিন্ন দূরবর্তী বাজার থেকে গরু-মহিষ ক্রয় করে ব্যবসা পরিচালনা করি।

এছাড়াও আমি দীর্ঘদিন প্রবাসে অবস্থান করেছি। দেশে ফিরে লেখাপড়া শেষ করে একটি ইনসুরেন্স কোম্পানিতে চাকরি করি এবং চাকরির পাশাপাশি একটি মোবাইল ফার্স্টের দোকান পরিচালনা করি। পূর্বে আমি মুবিন এগ্রো ফার্ম ও মুবিন পোল্ট্রি ফার্ম পরিচালনা করেছি। উল্লেখ্য, আমার দাদা মরহুম হাজি নুর আহমদ ছিলেন পূর্ব গোয়ালিয়া এলাকার একজন স্বনামধন্য ও বৃহৎ জমির মালিক।

সংবাদে যেভাবে বোরহান মেম্বারের সঙ্গে আমাকে জড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যাচার। পাশ্ববর্তী এলাকার জনপ্রতিনিধি হওয়ায় বিভিন্ন সামাজিক সালিশ ও বিচারিক কার্যক্রমে তাঁর সঙ্গে আমার কেবল পরিচয় রয়েছে—এর বাইরে কোনো অবৈধ কর্মকাণ্ড বা সিন্ডিকেটে জড়িত থাকার প্রশ্নই ওঠে না।

এছাড়া সংবাদে আমাকে নির্বাচন বানচালের নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়ানো হয়েছে—যা সম্পূর্ণ কাল্পনিক। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। সুতরাং নির্বাচনে বিঘ্ন ঘটানোর কোনো প্রশ্নই আসে না। সংবাদে উল্লিখিত ‘তোফায়েল ডাকাত’ নামক ব্যক্তির সঙ্গেও আমার কোনো পরিচয় নেই।

প্রকৃতপক্ষে এলাকার একটি ষড়যন্ত্রকারী মহল দীর্ঘদিন ধরে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও ফাঁসানোর অপচেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় কিছু কুচক্রী মহল আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইদের ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

আমি দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করে বলছি—উক্ত সংবাদে আমার বিরুদ্ধে আনা অভিযোগের বিন্দুমাত্র প্রমাণ যদি কেউ উপস্থাপন করতে পারে, তবে আমি স্বেচ্ছায় আইনের আওতায় এসে যে কোনো শাস্তি ভোগ করতে প্রস্তুত থাকব।

আমি উক্ত প্রকাশিত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করে সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার জন্য সংশ্লিষ্ট সাংবাদিক ভাইদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে প্রকাশিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতিও অনুরোধ রইল।

প্রতিবাদকারী
নাম : মুবিন
পিতা : ছিদ্দিক আহাম্মদ
ঠিকানা : পূর্ব গোয়ালিয়া পালং, রামু, কক্সবাজার।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com