নাফ নদীর মায়ানমার জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে আরাকান আর্মি কর্তৃক গুলিবর্ষণের ঘটনায় দুইজন বাংলাদেশি জেলে আহত হয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মায়ানমারে আরাকান আর্মির দখলকৃত Zee Bin Chaung পোস্ট থেকে বাংলাদেশি জেলেদের একটি নৌকাকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গুলি ছোড়া হয়। এতে নৌকায় থাকা দুইজন বাঙালি জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হন।
আহত জেলেরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের শেখ কামালের পুত্র মো. সোহেল (১৬), ও একই এলাকার মো. ইউনুসের পুত্র ওবাইদুল্লাহ (১৭)।
ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়া এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।