কক্সবাজারের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের চোরাখোলা এলাকায় লোকালয়ে প্রবেশ করেছে সাত সদস্যের একটি বন্য হাতির পাল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে হাতির পালটি লোকালয়ে প্রবেশ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা।
জানা যায়, হাতির পালটি লোকালয়ে প্রবেশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থাইংখালী বিট কর্মকর্তা তাঁর সহকর্মী ও ইআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সম্মিলিতভাবে সতর্কতার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা ধরে প্রচেষ্টা চালিয়ে হাতির পালটিকে লোকালয় থেকে সরিয়ে নিরাপদে বনে ফেরত পাঠাতে সক্ষম হন।
এদিকে, বন্য হাতি লোকালয়ে প্রবেশ করলে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হাতির কাছাকাছি যাওয়া, ঢিল ছোড়া, হৈচৈ করা কিংবা কোনোভাবে উত্ত্যক্ত করা থেকে বিরত থাকার পাশাপাশি নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে বন বিভাগের পক্ষ থেকে। সূত্র: টিটিএন