আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ১১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস এ তথ্য জানান। তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এই নির্বাচন যাতে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে।”
তিনি জানান, নাইক্ষ্যংছড়ি ও পেকুয়া উপজেলার সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোট ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব প্লাটুন নিয়মিত টহল, চেকপোস্ট কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে সম্ভাব্য যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে কাজ করছে। তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র প্রবেশ, মাদক ও অন্যান্য চোরাচালান রোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে ভোটকেন্দ্রের আশপাশে রেকি কার্যক্রম, মোবাইল ও ফুট প্যাট্রোল বৃদ্ধি করা হয়েছে।নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগণের মধ্যে যাতে কোনো ধরনের ভয়ভীতি বা আতঙ্ক না থাকে সেজন্য বিজিবি সদস্যরা বন্ধুসুলভ আচরণের মাধ্যমে আস্থা তৈরিতে কাজ করছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল কফিল উদ্দিন কায়েস বলেন, “নির্বাচনকে ঘিরে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”