কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকায় এক নারীর হাতের কব্জি ও মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে স্থানীয়রা একটি ভাড়া বাসার পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা আয়ুব নামে এক ব্যক্তির ভাড়া বাসায় কয়েকদিন আগে এক অজ্ঞাত নারী ঘর ভাড়া নিতে আসেন। এরপর থেকেই ওই নারী নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া লাশটি ওই নারীরই হতে পারে।
এদিকে, বাড়ির মালিক জানান, ওই নারীর কোনো জাতীয় পরিচয়পত্র বা পরিচয় সংক্রান্ত তথ্য তার কাছে নেই। ফলে নিহত নারীর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি রহস্যজনক এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে।