1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় ১৮ কেজি গাঁজা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৪/২০২৬ ১০:৪৩ পিএম

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা গাঁজা ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়।

সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে সদর থানার কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাজার গেটসংলগ্ন সড়ক থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কলাতলী মোড় থেকে ইনানীগামী সড়কের মুখে মাদক কেনাবেচা হচ্ছে খবর পেয়ে র‍্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পরিত্যক্ত বস্তা দুটি তল্লাশি করে মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, পলাতক অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com