কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত দুটি কাঠের বোট।
আজ বুধবার দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটক যুবকের নাম মোহাম্মদ মোস্তফা (২২)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিমের ছেলে।
কমান্ডার আরাফাত হোসেন জানান, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে—এমন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও শাহপরীর যৌথ উদ্যোগে জালিয়ার দ্বীপ ও জালিয়া পাড়া সংলগ্ন এলাকায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে জওয়ানদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবনে এবং জালিয়া পাড়া সংলগ্ন কেওড়া বনে দুটি বোট ভিড়িয়ে পালিয়ে যায়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদসহ বোট দুটি জব্দ করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় টেকনাফ কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে মোস্তফা নামক সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে। পরে তার কাছ পাওয়া ৫ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি আইসের মালিক সনাক্তে গোয়েব্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। সূত্র: বার্তা বাজার