কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দীর্ঘদিনের প্রধান সমস্যা মাদক কারবার, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে কচ্ছপিয়ায় নবসংস্থাপিত পুলিশ ফাঁড়ির জন্য নির্ধারিত জায়গা সরজমিনে পরিদর্শন করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় সংসদ সদস্য ও বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা শাহজাহান চৌধুরী।
আজ সরজমিনে কচ্ছপিয়া এলাকায় ফাঁড়ির নির্ধারিত স্থান পরিদর্শনকালে তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে দ্রুত কাজ শুরুর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত উপজেলা ও পুলিশ প্রশাসনকে আগামী ১৫ দিনের মধ্যে পুলিশ ফাঁড়ির দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, “বাহারছড়া এলাকার মাদক, মানবপাচার ও অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অপরাধীদের মূলোৎপাটন করতে এই পুলিশ ফাঁড়ি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। তবে কেবল প্রশাসনিক পদক্ষিপেই অপরাধ দমন সম্ভব নয়, এই এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা অত্যন্ত জরুরি।”
পরিদর্শনকালে এমপি শাহজাহান চৌধুরীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা প্রকৌশলী (ইঞ্জিনিয়ার), উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ।
উল্লেখ্য, টেকনাফের উপকূলীয় অঞ্চল বাহারছড়া দীর্ঘদিন ধরে পাহাড় কেন্দ্রিক অপহরণ, মানবপাচার এবং সমুদ্রপথে মাদক চোরাচালানের উর্বর ক্ষেত্র হিসেবে চিহ্নিত। কচ্ছপিয়া এলাকায় পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ি চালু হলে এসব অপরাধ নিয়ন্ত্রণ ও স্থানীয়দের নিরাপত্তা বিধান আরও সহজতর হবে বলে মনে করছেন সচেতন মহল।