কক্সবাজারের রামুতে ইজিবাইকের ধাক্কায় মাহিয়া (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার পর সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে রামু-মরিচ্যা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জাখানা এলাকায় স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মাহিয়ার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রামু-মরিচ্যা সড়কে গাছসহ বিভিন্ন বস্তু ফেলে যান চলাচল বন্ধ করে দেন।
স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে স্পিডব্রেকার না থাকায় যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। ফলে ওই সড়কে প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত স্পিডব্রেকার নির্মাণের দাবি জানান তাঁরা।
খবর পেয়ে রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা দ্রুত সময়ের মধ্যে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান।
পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।