কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ডের একটি দল নাফ নদীসংলগ্ন কেরুনতলী খাল এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা লোকালয়ের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জব্দ করা ইয়াবার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সূত্র: পূর্বকোণ