কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তামিম ইকবাল (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তামিম ইকবাল রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব নুনাছড়ি গ্রামের আবদুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে মহাসড়কে একটি দ্রুতগামী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী তামিম ইকবাল ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: উখিয়া নিউজ