কক্সবাজারের পর্যটন এলাকাগুলোতে অনুমোদিত ও অননুমোদিত স্থাপনার তালিকা, মাস্টারপ্ল্যান অনুযায়ী সেগুলোর অবস্থান এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যবস্থার তথ্য চেয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) কাছে আবেদন করা হয়েছে।
মানবাধিকার কর্মী আব্দুল মান্নান রানা,স্বেচ্ছাসেবক শাহরুখ করিম, সাংবাদিক আব্দুল মনির নাবিল যৌথ ভাবে এ আবেদনটি করেন।
আবেদনকারীরা জানান,সম্প্রতি কক্সবাজারের একটি পর্যটন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনার পর বিভিন্ন সংবাদমাধ্যমে পর্যটন এলাকার হোটেল, রিসোর্ট, কটেজ ও অন্যান্য স্থাপনার অনুমোদন, অগ্নিনিরাপত্তা এবং কাঠামোগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে কউকের চেয়ারম্যানের কাছে তথ্য অধিকার আইনে আবেদনটি করা হয়।
আবেদনপত্রে ২০১১ সালের মাস্টারপ্ল্যানসহ প্রযোজ্য অনুমোদিত পরিকল্পনা, ভূমি ব্যবহার ও উন্নয়ন নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী কউক কর্তৃক চিহ্নিত অনুমোদিত হোটেল, রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ ও অন্যান্য স্থাপনার পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হয়েছে। তালিকায় স্থাপনার নাম, অবস্থান, ধরন, নির্মাণকাল এবং বর্তমানে কী ধরনের কার্যক্রম চলছে, সেই তথ্যও চাওয়া হয়েছে।
এ ছাড়া অনুমোদিত পরিকল্পনার বাইরে থাকা বা নিয়মবহির্ভূত স্থাপনার বিরুদ্ধে কউক কী ধরনের ব্যবস্থা নিয়েছে, সেসব স্থাপনার বিষয়ে দেওয়া নোটিশ, নির্মাণ বন্ধ, কার্যক্রম স্থগিত বা অপসারণের নির্দেশের তারিখ এবং গৃহীত প্রশাসনিক পদক্ষেপের নথিও চাওয়া হয়েছে।
আবেদনে কক্সবাজারের নতুন মাস্টারপ্ল্যান ও ডিটেইলড এরিয়া প্ল্যান (DAP) প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে। বিশেষ করে অনুমোদিত স্থাপনার বিষয়ে নতুন পরিকল্পনায় কোনো পরিবর্তন, পুনর্বিন্যাস বা নীতিগত বিধান প্রস্তাব করা হয়েছে কি না এবং সেসবের বিস্তারিত নথি প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।
আবেদনকারীরা আরও জানতে চেয়েছেন, বর্তমানে প্রযোজ্য মাস্টারপ্ল্যানের বাইরে কোনো নতুন পর্যটন স্থাপনার বৈধতা, নিয়মিতকরণ বা অনুমোদনের সুযোগ রয়েছে কি না। একই সঙ্গে এসব স্থাপনার ক্ষেত্রে ভূমি ব্যবহারের শ্রেণি, No-Development Zone, সৈকত সংরক্ষণ এলাকা ও পরিবেশগত সংরক্ষণ এলাকার সীমা বা উন্নয়ন নিয়ন্ত্রণ বিধি পরিবর্তনের কোনো প্রস্তাব রয়েছে কি না, তাও জানতে চাওয়া হয়েছে।
আবেদনে বলা হয়েছে, পর্যটননির্ভর কক্সবাজারে উন্নয়ন, জননিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করতে অনুমোদিত পরিকল্পনা এবং বাস্তব পরিস্থিতির মধ্যে সামঞ্জস্য থাকা জরুরি। সে ক্ষেত্রে কোন স্থাপনা অনুমোদিত, কোনটি নিয়মবহির্ভূত এবং অননুমোদিত স্থাপনার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জনসম্মুখে স্পষ্ট হওয়া প্রয়োজন।
আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে তথ্য ও নথিপত্র সরবরাহ এবং প্রয়োজনে তা জনসম্মুখে প্রকাশের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: টিটিএন