পরনে শুভ্র সাদা পোশাক, হাতে জাতীয় পতাকা আর শান্তির প্রতীক সাদা নিশানা। চল্লিশোর্ধ্ব একদল মানুষের এই যাত্রা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং পাহাড়ের সুবিধাবঞ্চিত এক হাজার শিশুর ভবিষ্যৎ গড়ার স্বপ্নযাত্রা। সেই স্বপ্ন পূরণে সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থন পেতে টেকনাফ থেকে ঢাকা অভিমুখে ৪৫ দিনের দীর্ঘ পদযাত্রা শুরু করেছেন ১২ জন মানবতাবাদী।
‘ওয়াক ফর হিউম্যানিটি’ নামের এই ব্যতিক্রমী পদযাত্রাটি গত বৃহস্পতিবার সকাল সাতটায় টেকনাফ পৌরসভার অলিয়াবাদ জিরো পয়েন্ট চত্বর থেকে শুরু হয়। কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনীর বিভিন্ন বৌদ্ধ গ্রাম ও বৌদ্ধবিহার অতিক্রম করে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শেষ হবে তাঁদের এই যাত্রা।
এই মহৎ উদ্যোগের নেপথ্যে রয়েছেন বান্দরবানের লামা উপজেলার উথোয়াইংগ্যা মারমা। ২০১০ সাল থেকেই পাহাড়ের পিছিয়ে পড়া মানুষের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন তিনি। ২০২২ সালে মাত্র ৯ জন শিশুকে নিয়ে লামায় গড়ে তুলেছিলেন ‘রংখেদং শিশু সদন’। পরবর্তীতে আলীকদমের দুর্গম সীমান্ত এলাকায় প্রতিষ্ঠা করেন ‘প্রেন্নুই শিক্ষালয়’। বর্তমানে এই দুটি প্রতিষ্ঠানে চাকমা, মারমা, ম্রো, বম ও খুমিসহ সাতটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৬০ জন শিশু শিক্ষা ও মানবিক সহায়তা পাচ্ছে।
সেই ২৬০ শিশুর হাসিমুখই উথোয়াইংগ্যা মারমাকে আরও বড় স্বপ্ন দেখিয়েছে। এবার তিনি এক হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্য গড়ে তুলতে চান একটি সমন্বিত মানবিক ক্যাম্পাস। যেখানে আবাসন, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা ও সুরক্ষার পাশাপাশি শিশুরা জীবনমুখী শিক্ষা এবং নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার সুযোগ পাবে।
পদযাত্রার শুরুতে উথোয়াইংগ্যা মারমা গণমাধ্যম কে জানান, পাহাড়ে জুমচাষ ও কৃষিকাজে ব্যস্ত দরিদ্র পরিবারের শত শত শিশু এখনো শিক্ষা, খাদ্য ও চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার সুযোগ না থাকায় তারা পিছিয়ে পড়ছে। এই শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতেই সমাজের বিত্তবান ও সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তাঁদের এই ৪৫ দিনের পদযাত্রা। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়েই তিনি এগিয়ে চলেছেন আগামীর পথে।
সূত্র: টিটিএন