কক্সবাজারের টেকনাফে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় অভিযান চালিয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন—টেকনাফ উপজেলা ছাত্রলীগের উপধর্মবিষয়ক সম্পাদক দারুস সালাম নিশান এবং একই এলাকার বাসিন্দা ও ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাবের।
নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লকডাউন কর্মসূচি উপলক্ষে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ বলেন, “দারুস সালাম নিশানের নেতৃত্বে বাহারছড়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতির খবর পাই। পরে আমার চৌকস টিম মিছিলের আগেই অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে।”
তিনি আরও বলেন,” কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”