টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী ব্যবসায়ী নুরুল ইসলামকে (৫০) বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা প্রথমে গুলিবর্ষণ করে দরজা ভেঙে ঘরে ঢোকে এবং নুরুল ইসলামকে টেনে-হিঁচড়ে পাহাড়ের দিকে নিয়ে যায়। এসময় তারা পরিবারের সদস্যদের মারধর ও মূল্যবান জিনিসপত্র লুট করে।
অপহৃতের ছেলে কামাল হোসেন জানান, সন্ত্রাসীদের হাতে ভারী বিদেশি অস্ত্র ছিল এবং ঘর থেকে গুলির খোসাও উদ্ধার হয়েছে। তিনি দ্রুত তার বাবাকে উদ্ধারের দাবি জানান।
খবর পেয়ে টেকনাফ ১৬ এপিবিএন এর পরিদর্শক শফিকুল ইসলাম রাজুর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের সঙ্গে প্রায় ৬১ রাউন্ড গোলাগুলিতে অংশ নেয়। ধারণা করা হচ্ছে, ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অবস্থানরত রোহিঙ্গা অস্ত্রধারী গ্রুপই অপহরণের সাথে জড়িত। নুরুল ইসলামকে উদ্ধারে পাহাড়ে অভিযান চলছে।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা নিরাপত্তা বৃদ্ধি ও দ্রুত অপহৃত নুরুল ইসলামকে উদ্ধারের দাবি জানিয়েছে।