1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

টেকনাফে চাঁদা দাবির অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ২:৫১ এএম

টেকনাফে নির্মাণাধীন সড়কের কাজ তদারকির দায়িত্বে থাকা এক ব্যক্তিকে চাঁদা না দেওয়ায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে টেকনাফ মডেল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী টেকনাফ পৌর শ্রমিকদলের সভাপতি আবদুর রশিদ (৪৫) টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাঙ্গার ডেইল সড়কের আরসিসি নির্মাণকাজে তিনি দায়িত্ব পালন করছিলেন। ওই কাজকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন।

এজাহার সূত্রে জানা যায়, টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাঙ্গার ডেইল সড়কের আরসিসি ঢালাই কাজের দায়িত্বে ছিলেন আবদুর রশিদ। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল এবং চাঁদা না দিলে নির্মাণ কাজে বাধা দেওয়ার হুমকি দিত। গত ২ জুন রাত প্রায় ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে নির্মাণাধীন সড়কে এসে বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে ঘিরে ধরে হামলা চালায়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলার সময় কয়েকজন অভিযুক্ত ধারালো দা দিয়ে মাথা ও পায়ে কোপ দেয় এবং অন্যরা লোহার রড ও হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার মাথা, হাত ও পায়ের বিভিন্ন স্থানে গুরুতর জখম এবং একাধিক স্থানে হাড় ভেঙে যায়। মাথার ক্ষতস্থানে ১০টি সেলাই দিতে হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। স্থানীয় দুই ব্যক্তি হারুনুর রশিদ ও মো. ইউনুছ প্রকাশ আব্বুইয়া তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গত ৭ জুন টেকনাফ মডেল থানায় দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৩২৬, ৩৮৫, ৫০৬ ও ৩৪ ধারাসহ সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। মামলায় জুবাইর, সালমান, ছৈয়দ আলম প্রকাশ কালা, আজাদ, কাওসার, ফরিদ আলম প্রকাশ লাদেন, আকিব, ফয়সাল, নাঈম, আকার ফারুক, বেলালসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com