আত্মগোপনে থাকা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হয়েছে। ফতুল্লা এলাকার তার মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামের পোশাক কারখানায় এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করা হলেও শুক্রবার বিষয়টি জানা যায়। তবে অভিযানের সময় সেলিম ওসমানকে পাওয়া যায়নি। কারখানাটিও বন্ধ ছিল বলে জানা গেছে।
কারখানা সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার বিকেলে সাদা পোশাকে ৮-১০ জন কারখানার প্রধান ফটকে এসে নিজেদের গোয়েন্দা পুলিশ বলে পরিচয় দেন। তারা তখন কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান। তখন তাদেরকে জানানো, প্রায় ছুটি হয়ে যাওয়ায় ঘণ্টাখানেক আগে কারখানার শ্রমিকরা চলে গেছে। ভেতরে কেউ নেই। এরপর তারা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, ‘কয়েক দিন ধরেই আলোচনা চলছিল সেলিম ওসমান ফতুল্লায় তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে মাাঝে মাঝে আসেন। বৃহস্পতিবার আমাদের কাছে সংবাদ ছিল সেলিম ওসমান ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে এসেছেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে যায়। কিন্ত সেখানে সেলিম ওসমানকে পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘সেলিম ওসমানের বিরুদ্ধে বেশ কয়েকটি বৈষম্যবিরোধী মামলা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তার অবস্থান নিশ্চিত করা গেলেই তাকে গ্রেফতার করা হবে।’
এর আগেও সেলিম ওসমানকে গ্রেফতার করতে ২০২৫ সালের ১৬ ডিসম্বর রাতে অভিযান চালিয়েছিল ফতুল্লা থানাপুলিশ। ওই সময়ও তাকে পাওয়া যায়নি।
সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য। তার বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালে উপনির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে ২০১৮ ও ২০২৪ সালেও একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য। সেইসঙ্গে তিনি ছিলেন নিট পোশাক ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন বিকেএমইএর সভাপতি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ওসমান পরিবারের সদস্য ও তাদের সহযোগীরা আত্মগোপনে চলে যান। শামীম ওসমান ও তার স্ত্রী-কন্যা-সন্তানরা দেশ ছাড়তে সক্ষম হলেও সেলিম ওসমান এখনো দেশেই রয়েছেন গুঞ্জন রয়েছে।