কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই বিএনপি নেতাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। এদিকে হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাছে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের স্থানীয় নেতা মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল নুরুল আমিনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় উপর্যুপরি আঘাত করে। এই হামলায় রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত কয়েকজন সশস্ত্র রোহিঙ্গাও অংশ নেয় বলে দাবি করেছেন স্থানীয়রা।
আহত নেতার ভাই নুরুল আবছার মুন্না অভিযোগ করে বলেন, “আমার ভাই রোহিঙ্গা ক্যাম্পের একটি বাজার থেকে ব্যবসার ২০ লাখ টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। ওই টাকা ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে তাঁকে জখম করে।” তিনি আরও দাবি করেন, কিছুদিন আগে তাঁর ভাইকে হত্যার উদ্দেশ্যে একটি গোপন বৈঠক হয়েছিল, যেখানে ইউনিয়নের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন।
পালংখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা জানান, নুরুল আমিনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে ৪-৫টি গভীর কোপ দেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সকল অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এছাড়া কক্সবাজার জেলা শ্রমিকদলের পক্ষ থেকেও এক বিবৃতিতে এই সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাৎক্ষণিক যৌথ অভিযান শুরু করে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়েছে। ওসি আরও বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।”