সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান একটি কাঠের বোট থেকে মানবপাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক এবং মালয়েশিয়াগামী ৬৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে নৌবাহিনী।
বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আইএসপিআর জানায়, সেন্টমার্টিন থেকে আনুমানিক ৮১ মাইল দূরে সমুদ্রে ‘এফভি ক্রিস্টাল-১’ নামের একটি মাছ ধরার ট্রলার ভাসমান কাঠের বোটটি দেখতে পেয়ে উদ্ধারের জন্য এগিয়ে যায়। এ সময় বোটের কয়েকজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়। পরে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় যে, বোটটিতে পানি ঢুকছে এবং ৭৬ জন যাত্রী চরম ঝুঁকিতে রয়েছেন। নৌবাহিনী তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন মানবপাচারকারী চক্রের সদস্য এবং ৬৫ জন মালয়েশিয়াগামী প্রতারণার শিকার ভুক্তভোগী। ভুক্তভোগীদের অধিকাংশকে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল।
আইনি প্রক্রিয়া শেষে আটক পাচারকারী ও জব্দকৃত বোটটি টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।