বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে প্রদত্ত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর এই নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত এক বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই।”
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নোটিশে জানান, এ ধরনের বক্তব্য তার দৃষ্টিগোচর হওয়ায় তিনি অত্যন্ত বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। নোটিশে বলা হয়, “এ বক্তব্য অমার্জনীয়। রাজনৈতিক প্রতিপক্ষকে ঈর্ষান্বিত করে অবাস্তব ও কাল্পনিক মন্তব্য দিয়ে তিনি নিজেকে ছোট ও অপরিপক্ব রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রজ্ঞাহীন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন।”
নোটিশে আরও বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির কাছ থেকে এমন অগ্রহণযোগ্য, কাল্পনিক ও রাজনীতি শিষ্টাচারবহির্ভূত বক্তব্য জাতি আশা করেনি। আগামী ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে এবং জাতির কাছে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে।