ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাঁকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শেখ হাসিনা পলাতক এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তাই তাঁকে সাধারণ পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই। দুই দেশের মধ্যে থাকা বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
এদিকে বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে প্রস্তাবিত ত্রিপক্ষীয় করিডোর বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তাঁর মতে, এই করিডোর চালু হলে পুরো অঞ্চলটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আঞ্চলিক এই উদ্যোগে যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে। তবে করিডোর বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করা জরুরি।
চীনা প্রতিনিধিদলের এই সফরকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, লিউ হাইশিংয়ের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে।
সূত্র: পূর্বকোণ