কক্সবাজারে পৃথক দুটি অভিযান চালিয়ে ৬১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি।
উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল সোনাপাড়া বাজার থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি চালিয়ে আনোয়ারা বেগম ও সাবিকুন নাহার নামের দুই রোহিঙ্গা নারীকে আটক করে। তাদের তল্লাশি করে শরীরে বিশেষ কায়দায় লুকানো ১ হাজার ৬০০ পিস ইয়াবা ও ১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা নয়াপাড়ায় অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে। সূত্র: টিটিএন