চকরিয়া পৌরসভার করাইয়াঘোনায় কয়লার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ১৩ বছর বয়সী হাফেজ ওমর ফারুকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় তার আরেক ভাই হাফেজ আবদুল্লাহ গুরুতর দগ্ধ হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।
রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম করাইয়াঘোনা রেললাইনের পূর্ব পাশে মাওলানা ফজল কাদেরের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে মাওলানা ফজল কাদেরের ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
জানা গেছে, রাতে ঘুমানোর আগে পরিবারের সদস্যরা স্টিলের টিফিন বক্সে কয়লার আগুন জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করেন। পরে আগুন পুরোপুরি না নিভিয়েই ঘুমিয়ে পড়েন তারা। একপর্যায়ে কয়লার আগুন কাপড়ে লেগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাড়ির পাশের জায়গা খোলা থাকায় বাতাসে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বাড়িতে থাকা দুই ভাই আগুনের মধ্যে আটকা পড়ে। ঘটনাস্থলেই ওমর ফারুকের মৃত্যু হয়।আরেক ভাই দগ্ধ হয়ে হাসপাতালে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার বলেন-সাংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়।প্রাণহানীর পাশাপাশি পারবারটির অপূরণীয় ক্ষতি হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতের পরিবারকে বিশ হাজার টাকা, শুকনো খাবার,কম্বল দেওয়া হয়েছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছেন। সূত্র: টিটিএন